২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফেরা মানুষের ঢল চট্টগ্রাম রেল স্টেশনে

সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ি ফেরা মানুষের ঢল নামে চট্টগ্রাম রেল স্টেশনে। ছাদে আর দরজায় ঝুলে ঝুঁকি নিয়ে ট্রেনে চড়া মানুষের মুখেও ছিল ঈদে ঘরে ফেরার আনন্দ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 09:55 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

বৃহস্পতিবার নগরীর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়া ট্রেনে বাদুরঝোলা হয়ে বাড়ি ফিরেছে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জেলার হাজারো মানুষ।

অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এদিন বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেনে যুক্ত করা হয় অতিরিক্ত মোট ১৭টি বগি।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরমুখো যাত্রীদের জন্য ঢাকাগামী মহানগর গোধূলীতে চারটি, তূর্ণা নিশিতাতে তিনটি, সুর্বণ এক্সপ্রেসে দুটি, সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে তিনটি ও পাহাড়িকা এক্সপ্রেসে একটি, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে দুটি, চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেসে তিনটিসহ মোট ১৭ টি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে।”

এসব ট্রেনের প্রতিটি নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।

বিকাল সাড়ে চারটায় নগরীর পুরাতন রেল স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজ থেকে লাফিয়ে ট্রেনের ছাদে নামছে যাত্রীরা।

শেষ মুহুর্তে ট্রেন ধরার জন্য প্ল্যাটফরমে আসা টিকেটহীন যাত্রীদের কাউকে কাউকে ক্যাটারিং সার্ভিসের কর্মীদের দুই’শ থেকে আড়াই’শ টাকা দিয়ে ভিড় ঠেলে মেঘনা এক্সপ্রেসে উঠতে দেখা যায়।

ক্যাটারিং সার্ভিস পরিচালনাকারী বিল্লাল হোসেন ব্রাদারস কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে এটা কিছু বাড়তি উপার্জন। প্রতিজনের কাছ থেকে আমরা দুই’শ টাকা করে নিচ্ছি। সঙ্গে ইফতারি দেব।”

বাহারউদ্দিন নামের মেঘনা এক্সপ্রেসের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাই কোন উপায় নাই।

“দুই’শ টাকা দিয়ে বাদরঝোলা হয়ে যেতে হবে। টাকা আর কষ্ট বড় বিষয় না বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি।”

বিকাল পাঁচটার দিকে যখন মেঘনা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাচ্ছে তখনও কয়েকজন দৌড়াচ্ছিলেন ট্রেন ধরতে।

শেষ মুহূর্তে চলন্ত ট্রেনের কয়েকটি বগির দরজায় কেউ হাতল ধরে আবার কেউ অন্যের বাড়িয়ে দেয়া হাত ধরে ঝুলে পড়েন।

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য গত ৯ জুলাই থেকে ট্রেনের টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে পূর্বাঞ্চল। টিকেট কালোবাজারী ঠেকাতে রেলষ্টেশনে র‌্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সমন্বয়ে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

বৃহস্পতিবার সকালে সূবর্ণ (সকাল ছয়টা ৪০ মিনিটে), প্রভাতী (সাতটা). পাহাড়িকা (আটটা ১৫মিনিট), সাগরিকা (সাতটা ৪০ মিনিট) ও চট্টলা (আটটা ৪০মিনিট) সঠিক সময়েই চট্টগ্রাম রেলষ্টেশন ছেড়ে গেছে।

সাড়ে এগারটার দিকে ছেড়েছে চাঁদপুরগামী স্পেশাল সার্ভিস-১ । বিকাল তিনটায় চাঁদপুর স্পেশাল-২ ষ্টেশন ছেড়ে গেছে।