চমেকে নবজাতক চুরি: সন্দেহভাজন দুজন আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় হাসপাতালের এক ওয়ার্ড বয় ও তার স্ত্রীকে আটক করেছে র্যাব।
ওয়ার্ড বয় সুজন দত্ত (৩০)চমেকের ৩৩ নম্বর ওয়ার্ডে কাজ করেন। তার স্ত্রী রীনা দে (৩২) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালাল হিসেবে কাজ করেন বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর কর্মকর্তা মেজর মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছি। হাসপাতাল থেকে বের হওয়ার পথের একটি সিসিটিভির ফুটেজে রীনাকে বের হতে দেখা গেছে। এসময় রীনার পেছনে অন্য এক নারীকে একটি শিশু কোলে নিয়ে যেতে দেখা গেছে।”
অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, সুজন বুধবার একবার ৩৪ নম্বর ওয়ার্ডে আত্মীয়কে দেখতে যাবে বলে ঢুকেছিল। তবে ওই ওয়ার্ডে তার কোনো আত্মীয় চিকিৎসাধীন নেই।
“তাদের আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব,” বলেন মেজর জাহাঙ্গীর।
বুধবার বিকালে চমেক হাসপাতালের ৩৪ নম্বর প্রসূতি ওয়ার্ড থেকে এক নবজাতক চুরি হয়।
রাউজানের কদলপুর ইউনিয়নের শমসের পাড়ার শফিউল আলম ও জেসমিনা আক্তার দম্পতির এ ছেলে শিশুটির জন্ম হয় গত ২ জুলাই।
শিশুটি চমেকের ৩৪ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিটের ৩৫ নম্বর বেডে ছিল।
শিশু চুরির বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে শিশুর খোঁজে নামে র্যাব।
৩৪ নম্বর ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. শাহানারা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় নবজাতকের বড় ভাই(৩) খেলতে খেলতে ওয়ার্ডের মূল ফটকের দিকে যায়। শিশুটির মা বড় ছেলেকে আনতে যায়। তখন শিশুটি চুরি হয়।
এদিকে শিশু চুরির ঘটনা তদন্তে বৃহস্পতিবার সকালে গাইনি বিভাগের অধ্যাপক রোকেয়া বেগমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডা. শাহানারা চৌধুরী।
