২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 04:11 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

রাজনকে নির্যাতনের ভিডিও ধারণকারী গ্রেপ্তার

বৃহস্পতিবার সিলেটের মহানগর হাকিম আনোয়ারুল হক তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তরফদার দুই আসামি নূর মিয়া ও দুলাল মিয়াকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে আদালত আসামিদের সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বুধবার রাতে জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকা থেকে জনতা নূর মিয়াকে ধরে পুলিশে দেয়। তিনি রাজনকে পেটানোর ভিডিও ধারণ করেছিলেন। 

আর বুধবার দুপুরে কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যার পর তার ভিডিও নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবদের ঝড় ওঠে।

রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলাম সৌদি আরবে চলে গেলেও সেখানে প্রবাসীদের সহযোগীতায় তাকে ধরা হয়। তার ভাই মুহিত আলমকে ঘটনার দিনই লাশসহ ধরে পুলিশে দেয় জনতা। হত্যা মামলার আরেক আসামি ময়না চৌকিদার গ্রেপ্তার হন মঙ্গলবার রাতে।

গ্রেপ্তারদের মধ্যে মুহিত ও ময়নাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আগেই রিমান্ডে নিয়েছে।

এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগম, শ্যালক ইসমাইল হোসেন আবলুছসহ আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার বুধবার জালালাবাদ থানার কাছ থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দেওয়া হয়।