২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরকানের ফাঁসি দ্রুত কার্যকর চায় পটুয়াখালীবাসী

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে নিজ এলাকাবসী।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার মুসলীম লীগের সাবেক কর্মী ফোরকানের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

রায়ের পর ফোরকানের গ্রামের বাড়ি মির্জাগঞ্জের ছইলাবুনিয়া এলাকায় মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে। তারা এখন দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে।

পটুয়াখালী জেলা মক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোরকান মল্লিকের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা খুশি।”

অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান তিনি।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খান মোঃ আবুবক্কর সিদ্দিক বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন,  যুদ্ধাপরাধের দায়ে ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ হওয়ায় মির্জাগঞ্জের মানুষ খুশি।

“এ রায়ে আবারো প্রমাণিত হলো, আইন তার নিজস্ব গতিতে চলছে।”

মির্জাগঞ্জে আরো অনেক যুদ্ধাপরাধী রয়েছে মন্তব্য করে এই জনপ্রতিনিধি বলেন, “তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, “ফোরকানের হাতে যারা নির্যাতিত ও খুন হয়েছে, রায়ে তাদের আত্মা শান্তি পাবে।”

ফোরকানের বিরুদ্ধে পাঁচ অভিযোগের মধ্যে তিন ও পাঁচ নম্বরে হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। চার নম্বরে ধর্ষণ ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়। 

একাত্তরে মুসলিম লীগের সক্রিয় কর্মী ফোরকান স্বাধীনতার যুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর সমর্থনে গড়ে তোলা সশস্ত্র রাজাকার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেন এবং মির্জাগঞ্জ থানার কাকড়াবুনিয়া, দেউলী, সুবিদখালী, কলাগাছিয়াসহ বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান বলে ট্রাইব্যুনালের রায়ে উঠে এসেছে।

স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সামরিক শাসনামলে স্বাধীনতাবিরোধীরা আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে শুরু করলে ১৯৭৭ সালে ফোরকানও স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।