২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধের পরও মহাসড়কে পণ্যবাহী যান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গাজীপুরের ওপর দিয়ে যাওয়া দুটি মহাসড়কে দিনের বেলায় এসব যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

ঈদে ঘরমুখো মানুষের মিছিলের মধ্যে এ ধরনের যান চলাচলের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন জট তৈরি হচ্ছে বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন।  

বৃহস্পতিবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড়, চান্দনা-চৌরাস্তা মোড়, শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, কড্ডা, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় যানবাহনের জট দেখা গেছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, ট্রাক-কভার্ড ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করতে যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার কথা হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের বুধবারই জানানো হয়েছে।

“বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হওয়ার কথা। তারপরও এসব যানবাহন কেন চলতে দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।”

Image
নিষেধ ভেঙে ঈদের সড়কে চলছে পণ্যবাহী যান

নিষেধ ভেঙে ঈদের সড়কে চলছে পণ্যবাহী যান

কোনাবাড়ি এলাকায় দায়িত্বপালনরত সালনা হাইওয়ে থানার ওসি মো. দাউদ খান বলেন, তারা ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধ করার চেষ্টা করলেও তা সম্ভব হচ্ছে না। বরং কখনো কখনো জটিলতা বাড়ছে।

“সড়কে এসব গাড়ি থামাতে গিয়ে আরও বিপত্তিতে পড়ছি। যানজট হচ্ছে। আবার ভোগড়া বাইপাস দিয়ে এসব গাড়ি চলা বন্ধ না হওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-ভ্যান চলছে, যানজট হচ্ছে।”

এছাড়া ঢাকা-ময়মনসিংহ সড়কের বর্ষা সিনেমা হলের পাশে, বাসন সড়ক, গাজীপুরা, টঙ্গী কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে ‘ইউ টার্ন’ বন্ধ না করার কারণেও জটিলতা বেড়েছে বলে মত দেন এই পুলিশ সদস্য।

অবশ্য নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাহার আলম অনেক ‘ইউ টার্ন’ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন।

চন্দ্রা এলাকায় দায়িত্বরত গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, “মাঝে মধ্যে ট্রাক, ট্যাংক লরি ও কভার্ডভ্যান চলাচল করলে তো আর মাঝপথে এগুলো বন্ধ করা যায় না।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন বলেন, কেন নির্দেশনা মানা হচ্ছে না তা ‘খতিয়ে দেখা’ হবে।