২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকার সহযোগী ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড

নিজে রাজাকার সদস্য না হয়েও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে ওই বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ফোরকান মল্লিক একাত্তরে পটুয়াখালীর গ্রামে গ্রামে হত্যা ও দলগত ধর্ষণের মত যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছেন, তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

সুলাইমান নিলয়

মহিউদ্দিন ফারুক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 10:57 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

ফোরকানের ফাঁসি হত্যা-ধর্ষণের দায়ে

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর মধ্যে তৃতীয় ও পঞ্চম অভিযোগে হত্যা ও দলবেঁধে ধর্ষণের ঘটনায় ফাঁসিতে ঝুলিয়ে ফোরকানের মৃত্যুদণ্ড কার্যকর করতে বলেছে আদালত। 

আর চতুর্থ অভিযোগে ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করার ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে এই যুদ্ধাপরাধীকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। 

প্রথম দুটি ঘটনায় প্রসিকিউশন ফোরকানের সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারায় তাকে এসব অভিযোগ থেকে আদালত খালাস দিয়েছে।

একাত্তরে ফোরকান ছিলেন মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনীর সমর্থনে গড়ে তোলা সশস্ত্র রাজাকার বাহিনীর সঙ্গে মিলে মির্জাগঞ্জ থানার কাকড়াবুনিয়া, দেউলী, সুবিদখালী, কলাগাছিয়াসহ বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান বলে রায়ে উঠে এসেছে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলামও রায়ের ৯৯ পৃষ্ঠার সংক্ষিপ্তসার পড়ার সময় উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পুরোটা সময় লুঙ্গি আর ফতুয়া পরিহিত ফোরকানকে কোমরের সামনে দুই হাত বেঁধে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  তার স্ত্রী জোবেদা বেগম, ছেলে জহির মল্লিক ও ফোরকানের শ্যালক কবির মৃধাও উপস্থিত ছিলেন আদালতে।

রায়ের পর ফোরকানের আইনজীবী আবদুস সালাম খান সাংবাদিকদের বলেন, আর্থিক সামর্থ্য না থাকায় তার মক্কেল আপিলের বিষয়টি অনিশ্চিত।

অন্যদিকে এ মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, এ রায় ছিল ‘প্রত্যাশিত’।

সংক্ষেপে ফোরকান মল্লিক

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ছইলাবুনিয়া গ্রামের সাদের মল্লিক ও সোনভান বিবির ছেলে ফোরকান মল্লিক (৬৩) পড়ালেখা করেছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত। মূলত কৃষিজীবী হলেও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সামরিক শাসনামলে স্বাধীনতাবিরোধীরা আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে শুরু করলে ১৯৭৭ সালে ফোরকানও স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। 

এ পর্যন্ত রায় আসা ২০টি মামলার ২২ আসামির মধ্যে ফোরকান হলেন পঞ্চদশ ব্যক্তি, যুদ্ধাপরাধের দায়ে যার সর্বোচ্চ সাজার আদেশ হল। রায়ের পর পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Image
ফাঁসির রায়ের পর যুদ্ধাপরাধী ফোরকান মল্লিককে নিয়ে যাওয়া হয় কারাগারে।

ফাঁসির রায়ের পর যুদ্ধাপরাধী ফোরকান মল্লিককে নিয়ে যাওয়া হয় কারাগারে।

‘রাজাকার না হলেও অপরাধ লঘু নয়’

এ মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ফোরকান মল্লিককে রাজাকার বাহিনীর সদস্য বলা হলেও যুক্তিতর্কে তা টেকেনি। আবার ফোরকান ‘রাজাকার নন’, তাই ‘যুদ্ধাপরাধও করেননি’ বলে আসামিপক্ষ যে যুক্তি দিয়েছে- তাও আদালতের বিচারে খারিজ হয়ে গেছে।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, “ফোরকান যে স্থানীয় রাজাকার বাহিনীর সদস্য ছিলেন, প্রামাণিক দলিলের মাধ্যমে প্রসিকিউশন তা প্রমাণ করতে পারেনি ঠিক, কিন্তু এই ব্যর্থতায় এটা প্রমাণ হয় না যে তার অপরাধ লঘু ছিল।”  

আদালত বলেছে, “এটা প্রমাণ হয়েছে যে অভিযুক্ত ফোরকান স্থানীয় রাজাকার বাহিনীর একজন ঘনিষ্ঠ ও কুখ্যাত সহযোগী ছিলেন।”

রাজাকার বাহিনীর সঙ্গে মিলে তিনি যেসব অপরাধ ঘটিয়েছেন, তাকে ‘একপাল পশুর’ অচরণের সঙ্গেও তুলনা করা হয়েছে রায়ে।

এ প্রসঙ্গে মামলার শুনানিতে প্রসিকিউটর তুরীন আফরোজের উপস্থাপন করা একটি যুক্তি তুলে ধরে আদালত বলেছে, একজন ব্যক্তির বিচারের ক্ষেত্রে তিনি অপরাধে জড়িত ছিলেন কি-না, সেটাই বিবেচ্য, তার অবস্থান বা পদমর্যাদা নয়।

এ বিষয়ে জানতে চাইলে তুরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধে পাকিস্তানি সহযোগী সংগঠনের সদস্য না হলেও ব্যক্তি হিসাবে যে কারও বিচার হতে পারে- তা এ মামলার আগে আর যুক্তিতর্কে আসেনি। এই মামলায় প্রথম আমরা এই যুক্তি উপস্থাপন করি।”

রায়ে বলা হয়, “আমরা বারবার বলছি, অপরাধ হওয়ার আগে, মাঝামাঝি সময়ে বা শেষে একজন ব্যক্তিও তার কর্মকাণ্ডের মাধ্যমে বড় অপরাধ সংগঠনে অংশ নিতে পারে। এটা প্রমাণিত হয়েছে যে, তৃতীয় ও চতুর্থ অভিযোগে নারীদের অপহরণের পর ধর্ষণ এবং হাতেম আলীকে হত্যা করে তার কন্যাকে অপহরণের ঘটনায় ফোরকান মল্লিক একদল রাজাকারের সঙ্গে ছিলেন।

“অপরাধীকে দণ্ড প্রদানে অপরাধের গুরুত্ব ও ধরণ এবং অংশগ্রহণের ধরণ বিবেচনায় নিতে হয়। এটাই মীমাংসিত নীতি। প্রমাণিত অপরাধগুলো বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়। এগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে সংগঠিত ও সমষ্টিগত অপরাধ।”

অপরাধ সংগঠনে অভিযুক্ত শারীরিক অংশগ্রহণের প্রমাণ চাওয়াও ‘অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে আদালত বলেছে, অপরাধীর ‘একটিমাত্র কাজ বা ভূমিকা’ অপরাধ সংগঠনকে ‘সহজ’ করে দিতে পারে। আর সেক্ষেত্রে তিনি ‘সমানভাবে’ দায়ী হবেন।

“ফোরকান মল্লিক স্থানীয় রাজাকারদের ওই শাস্তিযোগ্য সংঘ থেকে নিজেকে দূরে রাখেননি। তার কাজ ও আচরণ রাজাকারদের মতো একই উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।”

আর পঞ্চম অভিযোগে হাতেম আলীকে হত্যা ও তার মেয়েকে ধর্ষণের ঘটনায় রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ফোরকান মল্লিকও অংশ নিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

Image
রায়ের জন্য সকালে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা বাড়ানো হয়।

রায়ের জন্য সকালে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা বাড়ানো হয়।

‘ধর্ষণের উদ্দেশ্য সাংস্কৃতিক বিনাশ’

ফোরকানের অপরাধের গুরুত্ব সম্পর্কে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, যুদ্ধকালীন সময়ে হোক, অথবা শান্তিপূর্ণ সময়ে; ধর্ষণ বা যৌন হয়রানি এমন এক ‘লুণ্ঠন’, যা একবার নিয়ে নিলে আর ফেরত দেওয়া যায় না। গণধর্ষণ খুনের চেয়েও ‘গুরুতর অপরাধ’।

“অরক্ষিত হিন্দু নারীদের গণধর্ষণের কী উদ্দেশ্য হতে পারে? এর উদ্দেশ্য নারীর মহামূল্যবান সম্পদ ছিনিয়ে নেওয়া বা তাকে হত্যা করা নয়। এর উদ্দেশ্য হচ্ছে আর্থ-সামাজিক বিন্যাস ও সাংস্কৃতিক বিন্যাসকে পঙ্গু করে দেওয়া।”

চার ধর্ষিত নারীর কথা উল্লেখ করে আদালত বলে, জাতির ইতিহাসে ‘সাহসীতম নারী’ হিসাবে তারা বেঁচে থাকবেন।

“আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই নারীদের জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

প্রতিক্রিয়া

আসামির আইনজীবী আবদুস সালাম খান রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ফোরকান কখনো কোনো রাজনৈতিক বলয়ে ‘ছিলেন না’, কোনো মানবতাবিরোধী অপরাধও তিনি ‘করেননি’।    

“যিনি কমপ্লেইন করেছে, সে আপন চাচাত ভাই, পাশাপাশি ঘর। এটাই বাস্তবতা। এই মামলাটি এখান থেকেই জন্ম হয়েছে। এটা কোনো পত্রিকা থেকে আসেনি।”  

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “উনি দিনমজুর। আপিল করার মতো এবিলিটি তার নেই। আমি নিজেও ট্রাইব্যুনালে মামলা লড়েছি বিনা টাকায়। তারপরও আমরা ইনসিস্ট করেছি আপিল করার জন্য।”

এ মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, “প্রত্যাশিত রায় পেয়েছি। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল এমন একজন আসামির সাজা হল।”

আসামিপক্ষের আইনজীবী ফোরকানকে ‘নিতান্ত গরিব ও দিনমজুর বললেও’ তিনি যে যুদ্ধাপরাধী ছিলেন, এই রায়ে তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন বাদল।

Image
২০১৪ সালে বরিশালে গ্রেপ্তারের পর ফোরকান মল্লিক

২০১৪ সালে বরিশালে গ্রেপ্তারের পর ফোরকান মল্লিক

মামলার পূর্বাপর

একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে ২০০৯ সালে ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা করেন তারই ভাতিজা আবদুল হামিদ মল্লিক। পরের বছর ফেব্রুয়ারিতে পটুয়াখালীর আদালতে তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

প্রাথমিক তদন্তে ফোরকানের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার পর মামলাটি পটুয়াখালী থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগের তদন্ত শুরু করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকতা সত্যরঞ্জণ রায়।

এরপর পটুয়াখালীর গোয়েন্দা পুলিশ ২০১৪ সালের ২৫ জুন ফোরকানকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। ৩ জুলাই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২ ডিসেম্বর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি ঘটনায় অভিযুক্ত করে গত বছর ১৮ ডিসেম্বর ফোরকানের বিচার শুরু হয়।

প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে ১৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর পর তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ জন ফোরকানের বিরুদ্ধে জবানবন্দি দেন। অন্যদিকে ফোরকান মল্লিকের পক্ষে সাফাই সাক্ষ্য দেন চারজন।

সাক্ষ্য শেষে আসামিপক্ষে আব্দুস সালাম খান ও প্রসিকিউশনের পক্ষে মোখলেসুর রহমান বাদল আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিচারিক কার্যক্রম শেষে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ গত ১৪ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।