২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে নির্বিঘ্ন ট্রেন যাত্রা

আগাম টিকেটে ট্রেন যাত্রার তৃতীয় দিনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চট্টগ্রাম ছেড়েছে ঘরমুখো মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবগুলো ট্রেন। অতিরিক্ত কোচ সংযোজন করায় নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরি করেছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।

রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি; ট্রেনে উঠার সময়ও ছিল না তাড়াহুড়া।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিনের মত বুধবারও যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে। অতিরিক্ত কোচ সংযোজন করায় বিজয় এক্সপ্রেস ছাড়তে আধা ঘণ্টা দেরি হয়েছে।

এখনও তেমন ভিড় না হলেও বৃহস্পতিবার ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন তিনি।

বুধবার থেকে চালু হয়েছে চাঁদপুরগামী স্পেশাল ট্রেন সার্ভিস। সকাল সাড়ে ১১টায় স্পেশাল-১ ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগিসহ প্রতিদিন পাঁচ হাজার ৭০৭টি আসনের বিপরীতে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে জানান আবুল কালাম আজাদ।

চাঁদপুরগামী স্পেশাল ট্রেনের যাত্রী মো. হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক কষ্টে ট্রেনের টিকেট সংগ্রহ করেছিলাম। ভিড় না থাকায় আরামে বাড়ি ফিরতে পারব।”

বুধবার সূবর্ণ এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে, প্রভাতী ৭টা. পাহাড়িকা সোয়া ৮টা, সাগরিকা ৭টা ৪০ মিনিট ও চট্টলা ৮টা ৪০মিনিটে সূচি অনুযায়ী চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গেছে।

সাড়ে ১১টার দিকে ছেড়েছে চাঁদপুরগামী স্পেশাল সার্ভিস-১। বিকেলে ৩টায় চাঁদপুর স্পেশাল-২ স্টেশন ছেড়ে যায়।

গত ৯ জুলাই থেকে ঈদে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে পূর্বাঞ্চল।

১৭ জুলাই চাঁদ দেখা না গেলে ওইদিন রাতে ১৮ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।