২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক ধাক্কার তিন ঘটনায় নিহত ৬

রাজশাহীতে ট্রাকের ধাক্কার আলাদা তিন ঘটনায় কলেজ শিক্ষকসহ ছয়জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার ভোর থেকে বেলা ১১টার মধ্যে মোহনপুর উপজেলার কেশরহাট, পুঠিয়া উপজেলার বানেশ্বর এবং কাটাখালি পৌরসভায় এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে কেশরহাটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির তিন আরোহী, বানেশ্বরে পিকআপের দুই আরোহী এবং কাটাখালিতে ট্রাক ধাক্কায় রিকশা ভ্যান উল্টে এক আরোহী মারা যান।

আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাটে রাজশাহীগামী একটি ট্রাক বিপরীতমুখী একটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই তিন আরোহী নিহত হন।

এরা হলেন, কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষক পাকুড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫), মহব্বতপুর গ্রামের ইয়াকুব আলী (৪০) ও আমরাইল গ্রামের আকবর হোসেন (৪৩)।

কেশরহাটের দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানেশ্বর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুল হক ফজলু জানান, সকাল সাড়ে ৫টার দিকে বানেশ্বর ফাঁড়ির সামনে নাটোরগামী একটি ট্রাক বিপরীত দিকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।

এতে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজন মারা যান।

এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সদরের নাজমুল হক (৩২) ও তার শ্বশুর মিজানুর রহমান (৫৫)।

নিহত নাজমুল ও মিজান পাবনার আতাউকুল্লা থেকে পিকআপ ভ্যানে করে কাপড় নিয়ে নাচোল যাচ্ছিলেন বলে জানান সার্জেন্ট ফজলু।

এ ঘটনায় গুরুতর আহত পিকআপ চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কাটাখালি পৌরসভার কুখণ্ডি বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যান উল্টে এক যুবক নিহত হন সকাল সাড়ে ৬টার দিকে।

নিহত জয়নালের (৩৫) বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

রাজশাহী নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, মতিহার থানাধীন কুখণ্ডি বাইপাস সড়কে পেছন থেকে ট্রাকের ধাক্কায় ওই রিকশা ভ্যান উল্টে পাঁচ আরোহী আহত হন।

আহতদের হাসপাতালে নেওয়ার পথে ভ্যান আরোহী জয়নাল মারা যান। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।