গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন।
এর মধ্যে বুধবার সকালে সদর উপজেলার জিরানী এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছেন।
আর শ্রীপুর উপজেলায় মাওনা-শিমলাপাড়া সড়কে মঙ্গলবার মধ্যরাতে গাড়ি চাপায় নিহত হন আরেক যুবক।
কোনাবাড়ি মহাসড়ক থানার ওসি আবু দাউদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জিরানী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২২ ও ২৫ বছর বয়সী দুই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের একজন কালো জিন্স ও গেঞ্জি এবং অন্যজন ছাই রঙের জিন্স ও সাদা শার্ট পরা ছিলেন।
পুলিশ কর্মকর্তা দাউদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গাজীপুরে কোনো তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।
এদিকে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শ্রীপুরের পিয়ার আলী কলেজের সামনে মাওনা-শিমলাপাড়া সড়কে হেঁটে যাওয়ার সময় গাড়িচাপায় এক যুবক নিহত হন।
শ্রীপুর থানার এসআই মুজিবুর রহমান জানান, নিহত কফিল উদ্দিন (২২) শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
