শিশু নিপীড়ন: বরিশালের সেই কম্পাউন্ডার বরখাস্ত
দুই শিশুকে মারধরের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর বরিশাল সরকারি শিশু পরিবারের কম্পাউন্ডার মো. দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বলে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানিয়েছেন।
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার রেশ না কাটতেই বরিশাল সরকারি শিশু পরিবারের দুই শিশুর ওপর নির্যাতনের ভিডিও সোমবার ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
গত ৪ জুলাই নির্যাতনের ওই ঘটনা ঘটলেও ফেইসবুকের ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হলে সোমবার বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা তিন মিনিটের ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন শিশু পরিবারের বালিকা (উত্তর) শাখার কম্পাউন্ডার মো. দুলাল। মাঝে মধ্যে চড়-থাপ্পড়ও দিচ্ছেন। আর শিশুরা ‘আর করব না’ বলে চিৎকার করছে।
ঘটনার পর জেলা প্রশাসক সাইফুজ্জামান শিশু পরিবার পরিদর্শন করেন।
বুধবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের মৌখিক নির্দেশে দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।”
কমিটির অন্য সদস্যরা হলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ইসমত আরা খানম ও খণ্ডকালীন চিকিৎসক মো. রশিদ ।
তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
