ঢাকায় ৩২ ভরি সোনার গহনাসহ একজন গ্রেপ্তার
পুরান ঢাকায় অভিযান চালিয়ে ৩২ ভরি সোনার গহনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেণ্ডারিয়ার সতীশ সরকার রোডে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার কাছে পাওয়া গহনা ডাকাতির মাল বলে পুলিশের ধারণা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে রফিককে গ্রেপ্তার করা হয়।
রফিকের কাছে ৫৯টি সোনার চেইন, ৪টি চুড়ি, ২টি মালা, ৪টি ব্রেসলেট, ১৭টি স্বর্ণের আংটি, ৪টি নাক ফুল, ২৩টি কানের দুল, ১৩টি লকেট, ১টি রুপার নূপুর, ১টি টিকলি এবং ইমিটেশনের বিভিন্ন গহনা পাওয়া গেছে।
উদ্ধার এসব গহনার আনুমানিক দাম সাড়ে ১১ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
উপকমিশনার জাহাঙ্গীর বলেন, রফিকের কাছে ১টি চাপাতি, ১টি চাকু, ১টি হাতুড়ি, ১টি লোহা কাটার হেক্সো ব্লেড, ১টি পাইপ রেঞ্জ, ১টি স্টার স্ক্রু ড্রাইভার পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে রফিক ডাকাত চক্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, “এরা ঢাকা শহরের বিভিন্ন বাসা ও সোনার দোকানকে টার্গেট করে ডাকাতি করে এবং বিভিন্ন জায়গায় কৌশলে বিক্রি করে থাকে।”
এদিকে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আলাউদ্দিন, মো. ইউনুস মিয়া, মো. আলতাফ হোসেন, মো. রঞ্জু, মো. বাদল হোসেন, মো. মিল্টন, শেখ ইউসুফ আলী হাওলাদার।
জাহাঙ্গীর সরকার বলেন, “সোমবার রাতে জাল টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের হেফাজত হতে ২ লাখ ৭৮ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।”
