কোকেন কাণ্ড: মামলায় চোরাচালানের ধারা যোগের নির্দেশ
চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া সূর্যমুখী তেলের চালানে কোকেন উদ্ধারের ঘটনায় করা মামলায় চোরাচালানের ধারা সংযোজনের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্র্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তকারী কর্মকর্তা মামলায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা সংযোজনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি শুধু মাদক আইনে করা হয়েছিল।
“যেহেতু বিদেশ থেকে এসব পণ্য কাস্টমসকে ফাঁকি দিয়ে আনা হয়েছে তাই এটা চোরাচালান। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে ধারা সংযোজন এবং সেই আঙ্গিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”
এর আগে গত ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় এসআই ওসমান গণি বাদি হয়ে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর খ ধারায় একটি মামলা করেন।
এরপর ৫ জুলাই মামলায় চোরাচালানের ধারা সংযুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক।
এছাড়া পুলিশের কাছে আলামত না থাকা, জব্দ তালিকা না থাকা এবং আদালতের নির্দেশনা ছাড়া নমুনা পরীক্ষা করায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।
সূর্যমুখী তেলের ঘোষণা দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে কনটেইনারটি আমদানি করা হয় চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেডের নামে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা কনটেইনারটি আটক করে সিলগালা করে দেয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
পরদিন ৮ জুন গোয়েন্দা পুলিশ, শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও নৌবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনারে থাকা ভোজ্যতেলের মাঠ পর্যায়ের পরীক্ষা করা হয়।
প্রাথমিক পরীক্ষায় ১০৭টি ড্রামের তরল পরীক্ষা করে কোকেনের নমুনা ধরা পড়েনি।
সংগৃহীত নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি (বিসিএসআইআর) ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পরে ২৭ জুন এর মধ্যে ৯৬ নম্বর ড্রামে কোকেন থাকার কথা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ১০৭টি ড্রামের একটিতে কোকেনের নমুনা মিলে। এর মধ্যে এক-তৃতীয়াংশ কোকেন বলে তাদের ধারণা।
এরপর ঢাকা থেকে গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, মোস্তফা কামাল এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদকে গ্রেপ্তার করা হয়।
আগে থেকে গ্রেপ্তার ছিল আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মচারী গোলাম মোস্তফা সোহেল।
সর্বশেষ ১২ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী আলম নামের এক আইটি বিশেষজ্ঞকে।
কোকেন আমদানির সঙ্গে জড়িত ইংল্যান্ডে বসবাসরত বজলুর শ্যালক মেহেদী। এ ঘটনায় রাজু নামে এক ভারতীয় নাগরিক জড়িত বলে দাবি গোয়েন্দাদের।
৮ জুলাই আদালতের আদেশে পুনরায় গোয়েন্দা পুলিশ ১০৭টি ড্রামের নমুনা সংগ্রহ করে গোয়েন্দা পুলিশ।
ওই দিনই নমুনা আদালতে হাজির করা হলে মহানগর হাকিম ফরিদ আলম পুনরায় এসব নমুনা ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগ ল্যাবরেটরি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগার ঢাকা এবং সিআইডি’র ল্যাবে নমুনা পরীক্ষার আদেশ দেন।
