২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দম্পতিকে কুপিয়ে বাড়িতে লুট

খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় বাড়িতে ঢুকে এক দম্পতিকে কুপিয়ে টাকা ও গয়না নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

আহত ফরহাদ হোসেন ব্লগে লিখতেন। তাকে এবং তার স্ত্রী ফারজানা ইয়াসমিন লাকীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ওসি আমীর তৈমুর ইলি জানান, সোমবার রাত ৩টার দিকে তেলিগাতি এলাকায় ফরহাদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ফরহাদ ও লাকীকে কোপানোর পর হামলাকারীরা তাদের ঘর থেকে ৬০ হাজার টাকা, ১০ ভরি সোনার গয়না ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান ওসি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। তবে ফরহাদ একজন ব্লগার। তিনি ঢাকায় একটি এনজিওতে চাকরি করেন। ঈদ উপলক্ষে দুদিন আগে বাড়িতে আসেন।”

এ ঘটনায় লাকীর ভাই হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেছেন।

দুপুরে হাসপাতালে অস্ত্রোপচারের পর ফেইসবুকে এক পোস্টে ফরহাদও জানিয়েছেন, “মূলত ঘটনাটি ডাকাতি বলেই মনে হচ্ছে।”

মামলার এজাহারে বলা হয়, মুখোশধারী তিন ব্যক্তি রাতে গ্রিল ভেঙে ফরহাদের ঘরে ঢোকে এবং ভয় দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করলে তারা ফরহাদ ও লাকীর হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা টাকা ও গয়না নিয়ে চলে যায়। 

ফরহাদ ‘মুক্তচিন্তা ব্লগ’ নামে একটি ব্লগের পাশাপাশি ফেইসবুকে লেখালেখি করতেন। হামলার ঘটনার পর সকালে ওই ব্লগে একটি পোস্টে লেখা হয়, কোরআনে হাফেজ এবং দাখিল পাস করে  ফরহাদ  ‘বাংলা লাইনে’ পড়ার জন্য আবার স্কুলে ক্লাস নাইনে ভর্তি হন এবং এসএসসি পাস করেন। খুলনা বিএল কলেজ থেকে এইসএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে লেখাপড়া করেন।

“তিনি ধর্মীয় সংস্কারের বিপরীতে বিজ্ঞানমনস্ক লেখালেখি করেন। বিশেষ করে তার আত্মজীবনীমূলক উপন্যাস ‘নশ্বর জীবনের মিথ’ প্রচণ্ডরকমভাবে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার কুফলকে তুলে ধরেছে।”

১৯৭১ সালের ১৪ অগাস্ট রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী ফরহাদের বাবাকে ধরে নিয়ে যায় বলেও ওই পোস্টে বলা হয়।