২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদন

দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাসে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 11:28 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও ক্যাপাসিটি আছে।”

নীতিমালা আইনটির পরিপূরক হিসেবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, দুর্যোগ সংক্রান্ত শিক্ষা সম্প্রসারণ, প্রশিক্ষণ, কমিউনিটি বেইজ সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও শক্তিশালী করার কথা বলা আছে নীতিমালায়।

দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকিহ্রাস, সহনশীলতার চর্চা, সমন্বয়, স্থানীয় জ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, অ্যাডাপটেশন এ নীতিমালার উদ্দেশ্য বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

“দুর্যোগে কারা প্রথম সাড়া দেবে- যেমন, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন প্রথম রেসপন্ড করবে বলে নীতিমালায় চিহ্নিত করা রয়েছে।”

সেনা ও বিমান বাহিনী (সংশোধিত) আইন আনুমোদন

মন্ত্রিসভায় ‘আর্মি (অ্যামেন্ডমেন্ট ) অ্যাক্ট, ২০১৫’ এবং ‘এয়ার ফোর্স (অ্যামেন্ডমেন্ট ) অ্যাক্ট, ২০১৫’ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আর্মি অ্যাক্টটি ১৯৫২ সালে প্রণয়ন করা হয়। বিভিন্ন সময়ে এটি সংশোধন হয়েছিল। একটি সংশোধন হয়েছিল ১৯৭৬ সালে সামরিক শাসনামলে। আদালতের রায় অনুযায়ী সামরিক শাসনামলের অধ্যাদেশগুলো নতুন করে আইনে পরিণত করতে হচ্ছে।”

“১৯৫২ সালের আইনে আর্মির প্রধানকে বলা হত কমান্ডার ইন চিফ। ১৯৭৬ সালে সংশোধন করে করা হয়েছে চিফ অব আর্মি স্টাফ। ওই পরিবর্তনটা এখন পার্লামেন্টে গিয়ে শুদ্ধতা পাবে,” বলেন মোশাররাফ হোসাইন।

তিনি বলেন, “এয়ারফোর্স অ্যাক্টটি ১৯৫৩ সালের। আগে বাহিনীর প্রধানের নাম কমান্ডার ইন চিফ অফ দি এয়ারফোর্স হলেও ১৯৭৬ সালে তা সংশোধন করে রাখা হয় চিফ অব এয়ার স্টাফ।”

এখন এ সংশোধনটিকেও আইনে পরিণত করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।