ঝালকাঠীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ঝালকাঠীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।
সোমবার বিকালে শহরের জেলা পরিষদের কাছে ঝালকাঠী-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত লাভলী আক্তার (৩০) ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠী সদর থানার পরিদর্শক (তদন্ত) শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝালকাঠী-বরিশাল সড়কে একটি ট্রাক ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের যাত্রী লাভলী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে লাভলীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকসহ চালক জাহাঙ্গীর সিকদারকে আটক করা হয়েছে বলে জানায় ওসি।
