কেএফসি, পিজা হাট ও আম্বালার জরিমানা
অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহসহ বিভিন্ন অপরাধে রাজধানীতে কেএফসি, আম্বালা ও পিজা হাটকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়।
“এর মধ্যে ধানমণ্ডিতে অভিযান চালিয়ে কেএফসি ও পিজা হাটকে ৫০ হাজার টাকা করে এবং আম্বালা ইনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির কেএফসিতে অভিযান চালানো হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখানরুল আলম রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি বলেন, কেএফসির সরবরাহকৃত সসের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোন তারিখ ছিল না। এছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
পিজা হাট ও আম্বালা ইনকে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির দায়ে জরিমানা করা হয়েছে বলেও জানান রিজভী।
এ বিষয়ে জানতে পিজা হাটের ধানমণ্ডি শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যান্ড গ্লাভস না পরে সবজি কাটায় আমাদের জরিমানা করা হয়েছে।”
এছাড়া আম্বালা ইনের রিজার্ভেশন ম্যানেজার মোহাম্মদ নাহিদুজ্জামান নিজেদের খাবার মান সম্পন্ন ছিল দাবি করে বলেন, “অতিথিরা ব্যবহৃত টিস্যু পেপার নির্ধারিত স্থানে না ফেলে পাশে ফেলায় আমাদেরকে এই জরিমানা করা হয়েছে।”
সোমবার সারাদেশে অভিযানে ৫১টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫ লাখ ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে।
