এবার শিডিউল বিপর্যয় হবে না, আশা রেলমন্ত্রীর
গতবছর ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হলেও এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে আশা করছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার শুরু হওয়া ঈদ ট্রেন সার্ভিসের প্রথম তিনটি ট্রেন ঠিক মতো ছাড়ছে কিনা তা দেখতে দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে এ কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
দুপুর ৩টায় প্লাটফর্ম ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।
এ বছর ঈদে ট্রেনের সিডিউল বিপর্যয় ঠেকানোর পরিকল্পনার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের লক্ষ্য ট্রেন যেন সময় মতো রওয়ানা দিতে পারে এবং গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা।”
“প্রথমদিন ২৯টি ট্রেনের মধ্যে ২৮টি সময় মতো ছেড়ে গেছে। এখনো পর্যন্ত কোন গোলযোগের খবর শোনা যায়নি। শুধু সুন্দরবন এক্সপ্রেসে কিছু যান্ত্রিক ত্রুটির দেখা দেয়ায় তা ছাড়তে কিছুটা দেরি করেছে।”
প্রতিদিন আড়াই লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছে রেলওয়ে।
মন্ত্রী বলেন, “আজকে অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন। এ অনুসারে যথেষ্ট পরিমাণে টিকিট ছাড়া হয়েছে। ঈদের পর ফেরার জন্য ২০ জুলাই থেকে ফিরতি টিকিট দেওয়া হবে।”
ঈদের ছুটিকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় ৯ জুলাই।
২০ জুলাইয়ের আগাম টিকিট পাওয়া যাবে ১৬ জুলাই, ২১ জুলাইয়ের ১৭ জুলাই, ২২/২৩ জুলাইয়ের ১৯ জুলাই এবং ২৪ জুলাইয়ের আগাম টিকিট পাওয়া যাবে ২০ জুলাই।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে।
এবছর ঈদের তিন দিন আগে থেকে পরের সাত দিন পর্যন্ত ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল বিভাগ। ১৫ থেকে ১৭ জুলাই এবং ২০ থেকে ২৬ জুলাই এ পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
ঈদের স্পেশাল ট্রেনগুলো হল- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল, পার্বতীপুর স্পেশাল এবং খুলনা স্পেশাল।
