২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় সাংবাদিক বুলবুলের জামিন

হেযবুত তাওহিদ নামের একটি সংগঠনের দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলসহ তিনজন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

জামিন পাওয়া অন্য দুজন হলেন, চ্যানেলটির প্রতিবেদক দীপ আজাদ ও টক শো’র উপস্থাপক কামরান করিম।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তারা। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম নূরু মিয়া।

আইনজীবী মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ২৩ জানুয়ারি হেযবুত তাওহিদের আমির মসীহ উর রহমান বৈশাখী টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়, ২০১২ সালের ২০ নভেম্বর বৈশাখী টেলিভিশনে প্রতিবেদক দীপ আজাদ হেযবুত তওহিদ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেন, যা মানহানিকর।

প্রতিবেদনে বলা হয়, “হেযবুত তওহিদ আন্দোলনের সদস্য আইনুন্নার আত্মগোপন করে হেযবুত তওহিদের সুইসাইড স্কোয়াডে যোগ দিয়েছেন’।

মামলায় বলা হয়, প্রতিবেদনটির বিষয়ে আইনুন্নাহার ২১ নভেম্বর প্রতিবাদলিপি পাঠালে ২৩ নভেম্বর তা প্রচার করে।

প্রতিবেদন প্রচারের দুই মাস পর হেযবুত তওহিদের আমির মসীহ উর রহমান বৈশাখী টেলিভিশনের বিরুদ্ধে এ মানহানির মামলা করেন।