কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এলাকা থেকে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী হাকিম মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট ও চাক্তাই সংলগ্ন ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।
সেখানে সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকান, ক্লাব ঘর ও বিভিন্ন কার্যালয়সহ প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের পরিচালক হাসিবুল ইসলাম ও উপ-প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম।
আবুল হাশেম বলেন, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এলাকার প্রায় ১০ একর জুড়ে এসব স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। উদ্ধার করা ভূমির মূল্য কয়েক কোটি টাকা।
