ভারত যেতে আগ্রহী ১২ ছিটের তিনশ জন
ছিটমহলে যৌথ জরিপের এ পর্যন্ত কুড়িগ্রামের ১২টি ছিটের তিনশ জন ভারতে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
জরিপের অষ্টম দিন সোমবার ফুলবাড়ী উপজেলার দুই ছিটের ৫২ জন এবং ভূরুঙ্গামারীর ১০ ছিটের ২৯ জনসহ মোট ৮১ জন ভারত যেতে নিবন্ধন করেন।
এনিয়ে আট দিনে ৬০ পরিবারে তিনশ জন ভারতীয় নাগরিক হতে আগ্রহ প্রকাশ করলেন।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, সোমবার জন গণনার অষ্টম দিনে ৫৬টি পরিবারের ৩৬০ জনের গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৯টি পরিবারের ৫২ জন ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবীব জানান, উপজেলার ১০ ছিটমহলে ২৪টি পরিবারে জন গণনা করা হয়েছে। এর মধ্যে ২৯ জন ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
গত ৬ জুলাই বাংলাদেশ ও ভারতের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দাদের সংখ্যা ও তাদের নাগরিকত্ব নির্ধারণে যৌথ জরিপ শুরু হয়।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহলে ৬৮ জন এবং ভারতে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৪ সদস্যের যৌথদল গণনা করছেন।
১৬ জুলাই জরিপ শেষ হওয়ার পর ৩১ জুলাই থেকে ছিটমহল বিনিময় শুরুর কথা রয়েছে।
