রাজধানীতে ভুয়া ডিবিসহ ৮ ছিনতাইকারী আটক
রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তিন ছিনতাইকারীসহ আট জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
এরা হলেন- আবু বকর সিদ্দিক, মো. আবুল হোসেন, মো. শরীফ হোসেন, সাইফুল ইসলাম মুন্না, মীর মো. মাসুম, মো. রাসেল, মো. সাদেক ফকির ও মো. ইউসুফ।
রোববার রাতে রাজধানীর এলিফেন্ট রোড এলাকা থেকে আবু বকর, আবুল হোসেন ও শরীফকে এবং বাকিদের রমনার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে জানান তিনি।
গোয়েন্দা পরিচয়ধারী তিন জন এলিফেন্ট রোডে ডাকাতি করতে গিয়েছিল জানিয়ে মনিরুল সাংবাদিকদের বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা পরিচয় নিয়ে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।”
সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, “রমনা থেকে গ্রেপ্তার বাকি পাঁচজন দিলু রোডে ডাকাতি করার পরিকল্পনা করেছিল।”
আটক আটজনের কাছ থেকে কয়েকটি হাতকড়া, একটি ওয়ারলেস সেট, একটি মাইক্রোবাস ও ৫০ হাজার টাকাসহ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি রাজধানীতে গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতি ও প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেন মনিরুল ইসলাম।
গোয়েন্দা পুলিশের জ্যাকেট আর পরিচয়পত্র ছাড়া কেউ নিজেদের গোয়েন্দা দাবি করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন তিনি।
মহানগর পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ দাবি করে কোনো বাসায় প্রবেশের চেষ্টা করলে আগে তাদের পরিচয়পত্র দেখতে চাইতে হবে। এছাড়াও তারা গোয়েন্দা পুলিশের জ্যাকেট পড়ে আছে কিনা দেখতে হবে। প্রয়োজনে তাদের ছবিও তুলে রাখা যেতে পারে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আরো বলেন, “গোয়েন্দা পুলিশ কোনো এলাকায় অভিযানে গেলে সাধারণত সংশ্লিষ্ট থানাকেও অবহিত করে। সেক্ষেত্রে কাউকে সন্দেহজনকভাবে আটক করার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানাতেও যোগাযোগ করা যেতে পারে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপি উপ-কমিশনার শেখ নাজমুল আলম ও উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
