হবিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
হবিগঞ্জ শহরে এক অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার শহরের বাইপাস এলাকার ধুলিয়াখাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কাওসার মিয়া (৩৫) চুনারুঘাট উপজেলার জব্বর আলীর ছেলে।
এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন জানান, রাতের কোনো এক সময় ধুলিয়াখাল এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশা চালক কাওসারকে শ্বাসরোধে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ কাওসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ছিনতাই হওয়া অটোরিকশাটি বিক্রির সময় শ্রীমঙ্গল থেকে চার জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
