জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ২৮ জুলাই
‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’- স্লোগানে আগামী ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে সরকার। ২৯ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন জাতীয় কমিটির সভায় এ কথা জানানো হয়।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রযুক্তি ভিত্তিক মৎস্যচাষ ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে প্রতি বছর মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
সভায় জানানো হয়, ২৮ জুলাই সকালে র্যালীর মধ্য দিয়ে মৎস সপ্তাহের কার্যক্রম শুরু হবে। আর ২৯ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মৎস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে জাতীয় মৎস্য পুরস্কারও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচির তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী।
চতুর্থ দিন স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। পঞ্চম দিন শিশু একাডেমিতে চিত্রাঙ্গণ প্র্রতিযোগিতা ছাড়াও জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলিনা আফরোজা, অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গাজী আলী আকবর, বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) সৈয়দা তাসমিনা আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ উপস্থিত ছিলেন।
