ভাষানটেকে বাসায় ঢুকে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর ভাষানটেকে বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে বেঁধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মো. মনসুর (৫৫)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার ইফতারের পর ভাষানটেকের এমপি চেকপোস্ট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে কয়েকজন ঢুকে মনসুরকে কুপিয়ে আহত করে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনসুরের মৃত্যু হয় বলে ভাটারা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান।
ওই এলাকার বাসিন্দা মো. আবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইফতারের পর ডাকাত ডাকাত চিৎকার শুনে আমরা কয়েকজন চতুর্থ তলার বাসায় ছুটে গিয়ে দেখি মনসুরের গলায়, পেটে ও পিঠে ছুরির কোপের জখম। পাশে তার স্ত্রী ও মেয়ের হাত-পা বাঁধা ছিল।”
হত্যাকারীরা ওই বাসার মালামাল লুটে নিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাসা থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
