রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর, খিলক্ষেত, বিমানবন্দর ও গাবতলী এলাকায় পৃথক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ হাউজিং এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান।
তিনি বলেন, পিকআপের ধাক্কায় মটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৫০) এবং তার সহযাত্রী নাসির (৪৫) আহত হন। তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মিজানুরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সন্ধ্যার পর খিলক্ষেত ফ্লাইওভারের নিচে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাসচাপায় এবং বিমানবন্দর সংলগ্ন কসাইবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়।
এছাড়া গাবতলীর স্লুইসগেইট এলাকায় রাত সাড়ে নয়টায় একটি ট্রাক পিছন দিক থেকে মটরসাইকেলে ধাক্কা দিলে মোহাম্মদপুরের সন্ন্যাসীপাড়ার বাসিন্দা রোখসানা আহত হন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
