মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা জাকারিয়া হারুনকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
উপজেলায় এ প্রজ্ঞাপন পৌঁছেছে বলে নিশ্চিত করেন নির্বাহী কর্মকর্তা উম্মে আফছারী জহুরা।
প্রজ্ঞাপণে বলা হয়, ২০১৩ সালের ২৪ নভেম্বর মুক্তাগাছা থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিধি অনুযায়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বরখাস্ত উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
তাকে বরখাস্তের বিষয়টি এ সরকারের প্রতিহিংসার ফল বলে মনে করেন তিনি।
