জনশক্তি রপ্তানিতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বন্ধের সুপারিশ
বিদেশে জনশক্তি রপ্তানিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে মানব পাচার বন্ধ এবং বিদেশগামী কোনো কর্মী যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠক থেকে সুপারিশ করা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈধভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে করণীয়, বর্জনীয়, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার ও ইলেকট্রনিক মিডিয়াতে তথ্য প্রচার করে বিদেশ গমনেচ্ছু কর্মীদের সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংককে সরকারি তফসিলভুক্ত ব্যাংক করার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠানোরও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মো. আয়েন উদ্দিন উপস্থিত ছিলেন।
