২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিককে ‘মারধরের পর’ কারখানায় বিক্ষোভ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি সড়ক এলাকায় এক পোশাক শ্রমিক মারধরের শিকার হওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছে তার সহকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 03:19 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

বন্দরনগরীর বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোববার বেলা ১টার দিকে সানম্যান গ্রুপের মালিকানাধীন ‘গ্লোরি গার্মেন্টস লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

পরে পুলিশ শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ওই কারখানার সুপারভাইজার মান্নানকে আটক করলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপারভাইজার মান্নান এক শ্রমিকের গায়ে হাত তুলেছে খবর পেয়ে অন্য শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসে।”

গত ২ জুলাই একই কারখানার শ্রমিকরা বকেয়া ওভারটাইমের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেছিল।

এছাড়া শনিবার ঈদের বেতন-বোনাসের দাবিতে সিজার অ্যাপারেলসের শ্রমিকরা বায়েজিদ বোস্তামি রোডে সড়ক অবরোধ করেন।