২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শত্রুতার জেরে’ পুকুরে বিষ, ৬ লাখ টাকার মাছ মরল

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্থানীয় একজনের পুকুরে বিষ ঢেলে প্রায় ছয় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 02:41 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

শনিবার রাতে চিটুয়া গ্রামের রাহিত খাঁ’র পুকুরে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন সরকার জানান।

রাহিত খাঁ রোববার সকালে ঘুম থেকে উঠে পুকুরে মরা মাছ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পুকুর মালিকের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের কিছু লোকের সঙ্গে রাহিতের শত্রুতা রয়েছে। এর জেরে তার বাড়ির সামনের ওই পুকুরে বিষ ঢালা হয়ে থাকতে পারে।

“প্রায় ৭০ শতাংশ জমিতে এই পুকুরে ছোট আকারের মাছ ছাড়াও ৪ থেকে ৬ কেজি ওজনের রুই কাতলাসহ বিভিন্ন মাছ ছিল। বিষক্রিয়ায় সব মাছই মরে গেছে।”

পুকুর পাড় থেকে রাসায়নিকের একটি বোতলও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

তবে কাদের সঙ্গে রাহিতের শত্রুতা ছিল সে বিষয়ে কিছু জানাননি তিনি।