২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদপিষ্টে মৃত্যু: শামীমসহ আট আসামি রিমান্ডে

ময়মনসিংহে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ২৭ নারী ও শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার নূরানী জর্দা কারখানার মালিক মোহাম্মদ শামীম তালুকদারসহ আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 02:18 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

মামলার তদন্ত কর্মকর্তা মুশফিকুর রহমান রোববার আট আসামিকে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিবের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক প্রত্যেককে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন শামীম, তার ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী আসাদুল, আবদুল হমিদ ও গাড়িচালক পারভেজ।

এদিকে শামীমসহ আসামিদের মুক্তির দাবিতে নূরানী জর্দা কারখানার শ্রমিকরা শুনানির সময় আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করে।

শুক্রবার ভোর ৫টার দিকে জেলা শহরের অতুল চক্রবর্তী রোড়ে নূরানী কারখানায় জাকাতের কাপড় আনতে গিয়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ২৭ নারী ও শিশুর মৃত্যু হয়।

পদদলনের ঘটনার পরপরই নূরানী জর্দার মালিক শামীমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়।

পুরনো খবর:

নূরানী জর্দার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা