২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে ৪ খুন: আরও এক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প) অধিনায়ক মেজর সোহেল আহসান জানান, শনিবার বিকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে মো. কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে হিরণ মিয়া নামে একজন ও মামলার পরদিন আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাড়াঁল চারজনে।

মেজর সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে সিঙ্গারবিল এলাকার একটি বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নান্দাইল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পারিবারিক কলহের জের ধরে গত ৩ জুলাই রাতে নান্দাইলের বাঁশটি গ্রামের বেলাল হোসেনের (৫০) বাড়িতে হামলা চালিয়ে তাকে এবং তার তিন ছেলে ফরিদ (২৫), হিমেল (১৪) ও পাভেলকে (১০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

পরদিন সকালে ওই গ্রামের একটি পুকুর পাড়ে বেলালের ভাই লাল মিয়ার ছেলে জামাল হোসেনের (২২) লাশ পাওয়া যায়।

গত ৫ জুলাই বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮/১০ জনকে আসামি করা হয়।