২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছেলে হত্যা, বাবা আটক

রাজশাহীর পবায় বালিশ চাপা দিয়ে ছেলেকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 02:56 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

পবা থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার ভোরে উপজেলার চক দর্শনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদনার হোসেন (৬) ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর জসিমকে আটক করার পর ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জসিম উদ্দিনের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, বিদেশ যাওয়ার জন্য গত বছর জসিম তার স্ত্রী সাকিরা বেগমের বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু নানা কারণে তার বিদেশ যাওয়া হয়নি। সম্প্রতি জসিম টাকা ফেরত চেয়ে স্ত্রী এবং তার ভাইকে চাপ দেন।

“টাকা ফেরত না পেয়ে এক সপ্তাহ আগে ছেলেকে রেখে সাকিরাকে বাড়ি থেকে বের করে দেন জসিম।এর জেরে সকালে জসিম ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে সাকিরার অভিযোগে পুলিশ জসিমকে গ্রেপ্তার করে।”

আদনানের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।