চট্টগ্রামে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াবা (ফাইল ছবি)
গ্রেপ্তার তিনজন হলেন নুরুল আমিন (১৮), মাহমুদ উল্লাহ (২০) ও মনু মিয়া (৭০)। তিনজনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাস নিয়ে তারা টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া এলাকায় গাড়িটিকে থামার সংকেত দিই। এসময় তারা গাড়ি ঘুরিয়ে আবার চট্টগ্রামের দিকে রওনা হয়। মাইক্রোটিকে ধাওয়া করে পুলিশ সলিমপুর পাক্কা রাস্তার মাথা এলাকায় আটক করে।”
সার্জেন্ট আশিকুর রহমান বলেন, মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার আটশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিন যাত্রীকে।
তবে চালক পালিয়ে যান বলে পুলিশ জানায়।
