২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব: মোশাররফ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করেছেন দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার নতুন করে দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুর্নীতি তাড়াতে কাজ করবেন তিনি।

ফরিদপুর প্রতিনিধি

গোপালগঞ্জ, খুলনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 08:12 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোশাররফ হোসেনকে। অতিরিক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও সামলাবেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ পদধারী সৈয়দ আশরাফ মন্ত্রিসভায় থাকলেও তার কোনো দপ্তর নেই।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতির খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

দলে এর প্রভাব পড়বে কি না তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা রয়েছে।

তবে আশরাফের স্থলাভিষিক্ত মোশাররফ বলেছেন, “দলের সাধারণ সম্পাদককেই স্থানীয় সরকারমন্ত্রী হতে হবে এমন কোনো কথা নেই।

“আগে দলের চার/পাঁচ জন সাধারণ সম্পাদক এমন দায়িত্ব পালন করেছেন। এটি একটি ট্রাডিশনে পরিণত হয়েছে। ট্রাডিশন ভাঙা যাবে না- এর কোনো যৌক্তিক কারণ নেই।”

মন্ত্রিত্বের দপ্তর হারানো সৈয়দ আশরাফ দলের সাধারণ সম্পাদক থেকেও বাদ পড়তে যাচ্ছেন কি না- এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই মোশাররফ।

শুক্রবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন স্থানীয় সরকার মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, “আমার বর্তমান মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ) ঝামেলা ও ভেজাল ছিল। পরিপূর্ণভাবে এ মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করেছি।”

Image
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরদিন শুক্রবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ হোসেন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরদিন শুক্রবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ হোসেন

“এলজিইডি আমার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে আমার বেশি সময় লাগবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর আস্থা অর্জনের পরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেছেন খন্দকার মোশাররফ।

শহরের কবি জসীম উদ্দীন হলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার উপর অস্থা রেখে প্রধানমন্ত্রী এ দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শুধু আমার উপর নন, সমগ্র ফরিদপুরবাসীর উপর আস্থা রেখেছেন।

“লক্ষ্য নির্ধারণ না করে ছোট একটা দৌঁড় প্রতিযোগিতার আয়োজনও সম্ভব নয়। বর্তমান সরকারের লক্ষ্য আছে বলেই এগিয়ে যাচ্ছে। এ কারণেই গত পাঁচ বছর ধরে বিশ্বব্যাপী মন্দাও আমাদের কাবু করতে পারেনি।”

ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন অঙ্গনের ১৮৭ জন ব্যক্তি এবং ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২১ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ করেন।

এছাড়া জেলেদের হাতে পাঁচটি পরিবেশবান্ধব জাল তুলে দেন তিনি।

এই অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বক্তব্য দেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, গোপালগঞ্জের জেলা পরিষদ প্রশাসক চৌধূরী এমদাদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী অরুন কুমার চৌধূরী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।