২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকারীর হাত থেকে পালিয়ে এল তরুণী

যশোরের শার্শার সীমান্ত এলাকায় পাচাকরারীদের হাত থেকে পালিয়ে আসা এক তরুণীকে উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নূরুল ইসলাম জানান, শুক্রবার সকালে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে মেয়েটিকে (২১)উদ্ধার করা হয়।

তার বাড়ি ঢাকার মধ্যবাড্ডা এলাকায় বলে বিজিবি জানিয়েছে।

কমান্ডার নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া ওই মেয়েটির সঙ্গে কয়েক মাস আগে মিরপুরের দুই নারীর পরিচয় হয়।

তারা তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে শার্শার বাগআচড়ায় নিয়ে আসে।

শুক্রবার সকালে ওই দুই নারী ভারতে পাচার করার জন্য মেয়েটিকে স্থানীয় পাচারকারীদের হাতে তুলে দেয়।

মেয়েটি পাচারের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে এসে রুদ্রপুর গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে শার্শার কায়বা ইউনিয়নের ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন বিষয়টি বিজিবিকে জানালে তারা মেয়েটিকে উদ্ধার করে শার্শা থানার নিরাপত্তা হেফাজতে পাঠায় বলে বিজিবির এই কর্মকর্তা জানান।