২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশ ও হামলা, ক্ষমা চাইল বিএসএফ

সাতক্ষীরায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে  অনুপ্রবেশ ও গ্রামবাসীর উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের এ হামলা রুখেছে বিজিবি ও স্থানীয় জনতা।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব সাংবাদিকদের জানান, ভোরে প্রবল বৃষ্টির মধ্যে বিএসএফের হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশি নৌকায় সোনাই নদীর বাংলাদেশ অংশে চলে আসে।

এরপর দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে উঠে গ্রামবাসীকে ‘কোনো কারণ ছাড়াই’ তাড়া করে।

গ্রামবাসী তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এতে স্থানীয় কয়েকজন সামান্য আহত হন।

এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।

সুবেদার রব আরও জানান, এ সময় একজন বিএসএফ সদস্য ২০ রাউন্ড গুলিসহ তার ব্যবহৃত একটি এসএলআর ফেলে যায়।

তাদের ব্যবহৃত একটি দেশি নৌকাও ফেলে যায় তারা।

বিজিবি সুবেদার আরও জানান, এ ঘটনায় বিকাল ৩টার দিকে মাদরা সীমান্তের কালীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়।

“পতাকা বৈঠকে বিজিবির কাছে বিএসএফ ক্ষমা চেয়েছে। এ সময় বিএসএফের জব্দকৃত অস্ত্রটি ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়া হয় নৌকা।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি ও ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন কমান্ডেন্ট রাজেশ কুমার।