২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দায়িত্ব, সেবা করার বড় সুযোগ: খন্দকার মোশাররফ

স্থানীয় সরকারের মতো বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে জনগণের সেবা করার বড় সুযোগ হিসেবে দেখছেন খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 08:47 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর ফরিদপুর শহরের বদরপুরে নিজের বাড়িতে সংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া মোশাররফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের শ্বশুর।

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় সরকার প্রধানকে ধন্যবাদও জানান তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক সরকারি কর্মকর্তা খন্দকার মোশাররফ। গত বছর শেখ হাসিনা ফের সরকার গঠনের পরও মন্ত্রী করা হয় তাকে।

এতদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন মোশাররফ। এখন মূল দায়িত্ব স্থানীয় সরকারের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগের মন্ত্রণালয়ও সামলাবেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর ঢাকা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ফরিদপুর পৌঁছান মোশাররফ। খবর শুনে আগে থেকে সাংবাদিকরা আগেই উপস্থিত ছিলেন তার বাড়িতে।   

মোশাররফ বলেন, “এখন আমি আগের চেয়ে আরও বেশি দেশবাসীর সেবা করার সুযোগ পাব বলে মনে করি।”

এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ জনপদে উন্নয়ন আরও জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি। সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।

৭৩ বছর বয়সী মোশাররফ রুরাল ওয়ার্কস প্রোগ্রামের প্রথম প্রধান প্রকৌশলী ছিলেন। ১৯৭৩-৮০ পর্যন্ত ওই দায়িত্ব পালনের সময় তিনি এলজিইডি বিভাগ প্রতিষ্ঠায় অবদান রাখেন।

ওই ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “এলজিআরডি সৃষ্টির সময় আমি গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকায় ছিলাম। এই বিভাগের একজন প্রতিষ্ঠাতা হিসেবে এখন পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি বিশ্বাস করি পরিপূর্ণ ও সুচারূভাবে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে সমর্থ হব।”

নতুন মন্ত্রণালয়ের বিষয়ে মোশাররফ বলেন, “সরকারের এই মন্ত্রণালয়টি দলের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের দেওয়া হয়। আমি দলের সব স্তরের নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে দেশের উন্নয়নে তথা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।”

বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে সাধারণ সম্পাদককে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বটি দিতে স্বচ্ছন্দ। দপ্তর হারানো সৈয়দ আশরাফও দলের সাধারণ সম্পাদক।

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোশাররফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাওয়ায় তার এলাকার মানুষ বেশ খুশি।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করি, মোশাররফ সাহেব যেভাবে ফরিদপুরের উন্নয়ন করেছে, ঠিক সেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাবেন।”

ফরিদপুর জেলা যুবলীগের নেতা এইচ এম ফুয়াদ বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দীর্ঘদিন জমে থাকা কাজগুলো দ্রুত ভালোভাবে দেখভাল করতে পারবেন মোশাররফ হোসেন।”

“ফরিদপুরবাসী হিসাবে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি, আমার মতো জেলার অন্য সকলেও আজ আনন্দিত,” বলেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বরকত।

পুরনো খবর:

বিশ্বস্ত আশরাফকে দপ্তরছাড়া করলেন হাসিনা