চট্টগ্রাম বিপিসির কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ; তদন্ত কমিটি গঠন
‘অশোভন’ আচরণের অভিযোগ এনে চট্টগ্রাম পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উর্ধতন এক কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড়ে বিপিসি কার্যালয়ে বিক্ষোভের সময় পরিচালক (ফিন্যান্স) মো. আবদুর রউফের কক্ষ ঘেরাও করে রাখা হয়।
সচিব নুরুল আমিনের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছিল, তবে ওই সময় তিনি কার্যালয়ে ছিলেন না।
পরে অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতারা দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে বিপিসি চেয়ারম্যানকে স্মারকলিপি দেন।
এ ঘটনায় বিপিসির পরিচালক (অপারেশন) মোসলেহ উদ্দিনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পরিচালকের (ফিন্যান্স) আচরণগত সমস্যা ছিল উল্লেখ করে বিপিসি চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপি দিয়েছেন। ঘটনা তদন্তে এক সদস্যের কমিটির করা হয়েছে।”
প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিপিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একমাস আগে পরিচালক (ফিন্যান্স) ও সচিব বিপিসিতে যোগ দেওয়ার পর থেকেই অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।”
দীর্ঘদিনের ক্ষোভ থেকেই কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করে ওই দুইজনের প্রত্যাহার দাবি করে বলে জানান তিনি।
কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আবদুর রউফ তার কক্ষে বিপিসির জিএম (অর্থ) এর সঙ্গে অশোভন আচরণ করলে সবাই ক্ষোভে ফেটে পড়ে।
