সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ
সাতক্ষীরা শহরে ডাকাতি করে পালানোর সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জন গুলিবিদ্ধ হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদ শেখ জানান, বৃহস্পতিবার ভোরের দিকে শহরের মধ্য কাটিয়া এলাকায় এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ।
গুলিবিদ্ধ শাহজাহান আলী সুজন (২৭) মধ্যকাটিয়ার মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কনস্টেবল সেলিম ও শ্যামল কুমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি এমদাদ বলেন, মধ্য কাটিয়ার আবদুর রাজ্জাকের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল। শব্দ পেয়ে রাজ্জাক দরজা খুলতেই তাকে এবং তার ছেলে মোস্তফা মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ডাকতরা। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এবং পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা ডাকাতদের ধাওয়া করে।
“ডাকাতরা এলোপাতাড়ি গুলি এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।পুলিশও পাল্টা গুলি ছুড়ে।পরে মাছখোলা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহজাহান আলী সুজনকে গ্রেপ্তার করা হয়।”
আহত আব্দুর রাজ্জাক ও তার ছেলে মুরাদকে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
