শ্যামলীর দুটি ‘ব্লাড ব্যাংকে’ র্যাবের অভিযান
রাজধানীর শ্যামলীর দুটি ‘ব্লাড ব্যাংকে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরীক্ষিত রক্ত জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাব।
বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্যামলীর ফেমাস জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ও বাংলাদেশ ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটি থেকে বিপুল পরিমাণ অপরীক্ষিত রক্ত জব্দ করা হয়।”
অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-২ এর উপ পরিচালক দিদারুল আলমের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. স্বপন কুমার তরফদারের উপস্থিতিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযানটি পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বলেও জানান র্যাব কর্মকর্তা মাকসুদ।
