২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের বইয়ের মান যাচাইয়ে সংসদীয় কমিটি

প্রাথমিক স্তরে বইয়ের মান যাচাই বাছাই করার জন্য উপ-কমিটি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার জাতীয় সংসদে স্থায়ী কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।

নবগঠিত উপ-কমিটিতে আহ্বায়ক করা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী।

সদস্য করা হয়েছে নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া কাজলকে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০১৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপার জন্য গত ৯ জুন দরপত্র আহ্বান করা হয়। দরপত্র খোলা হয় ২৫ জুন।

পরবর্তীতে একটি মুদ্রণ প্রতিষ্ঠান ওই দরপত্রের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। রিটটি নিষ্পত্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে।

স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল অংশগ্রহণ করেন।