২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ওষুধ তৈরির দায়ে ২ নারীর সাজা

পুষ্টিবর্ধক নকল ওষুধ তৈরি করার দায়ে চট্টগ্রামে দুই নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 10:17 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

একই এলাকায় একটি সাবানের কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার নগরীর বাকলিয়া এলাকার কালামিয়া বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

এছাড়া নগরীর চাঁন্দগাও এলাকায় অনুমোদন ছাড়া হোমিওপ্যাথি ওষুধ উৎপাদন করায় দুই ওষুধ কারখানাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকলিয়া এলাকার কালামিয়া বাজারে আটা, ময়দাসহ নানান জিনিস মিশিয়ে গর্ভবর্তী নারীর জন্য ’পুষ্টিকর’ ওষুধ তৈরি করার সময় সীমা দাশ ও কণিকা দাশ নামে দুই নারীকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

“একই এলাকায় ভেজাল সাবান তৈরির অপরাধে বাংলাদেশ সোপ নামে একটি কারখানা সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”

নগরীর চাঁন্দগাও থানার শাহ ওয়ালিউল্লাহ আবাসিক এলাকায় ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়া হোমিওপ্যাথি ওষুধ উৎপাদন করায় দেশ ফার্মা ও সেন্ট্রাল ফার্মা নামের দুই কারখানার প্রতিটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রুহুল আমিন।

অভিযানে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তা করেন।