পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা ইফতারের বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠানস্থলে এসে টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সংবাদ প্রধান, সাংবাদিক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ইফতারে অংশ নেন।
ইফতারে অন্যদের মধ্যে অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, লেখক ও কবি সৈয়দ শামসুল হক, স্বাচিপ সভাপতি আফম রুহুল হক উপস্থিত ছিলেন।
