ঢাকার গুলশানে ৭ ‘প্রতারক’ আটক
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে সাত ‘প্রতারককে’ আটক করেছে র্যাব।
র্যাব ৩-এর উপ-পরিচালক কামরান কবির জানান, বুধবার দুপুরে গুলশান ১ এর ২৩ নম্বর সড়কের ১ নম্বর বাসার অনন্যা ভিলার এ/৪ ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই প্রতারকদের আটক করা হয়।
আটকরা হলেন- এস এ কাদের চৌধুরী, জাকির হোসেন, মাহবুব মোর্শেদ, এম এ হোসেন, শিবলী নোমান, মো. সিদ্দিক ও মো. জাফর।
র্যাব কর্মকর্তা কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতজন ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্থায়ী কার্যালয় বানিয়ে সেখানে লোকদের ডাকত। সোনালী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বহু লোকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।”
সুনির্দষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাতজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
