২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি ঠেকাল পুলিশ, রপ্তানিপণ্যসহ কভার্ডভ্যান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রপ্তানিমুখী সাড়ে ৩১ হাজার শার্টসহ একটি কভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার দুপুরে উপজেলার কুমিরা ঘাট এলাকা থেকে কভার্ডভ্যানটি আটক করা হয়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড মডেল থানা) সাইফুল ইসলাম জানান, পোশাকগুলো উদ্ধার করা হলেও ভ্যানের চালক ও তার সহকারীসহ দুটি দোকানের মালিকরা পালিয়ে গেছে।

এসব পণ্য ‘ডেলিগেট গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠানের এবং সেখানে মোট সাড়ে ৩১ হাজার ফুল হাতা শার্ট ছিল।

সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে এসব রপ্তানিপণ্য নিয়ে ভ্যানটি চট্টগ্রাম বন্দরে আসছিল। পথে সীতাকুণ্ড কুমিরা ঘাট ঘর এলাকায় শার্টের কার্টন নামিয়ে দুটি দোকানে রাখার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কভার্ডভ্যানটি আটক করে।”

পোশাক চুরির এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানান এএসপি সাইফুল।