উদ্যোক্তা তৈরিতে তরুণদের প্রশিক্ষণ দেবে জাপান
বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের তরুণদের নিয়ে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাপান।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান জাপানের আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট ইয়ানাগিসাওয়া কিওয়ে।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের পর তার প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
প্রেস সচিব বলেন, “প্রাথমিকভাবে ১০ জন নারী ও ১০ জন পুরুষকে জাপানে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তারা।”
পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ইয়ানাগিসাওয়া কিওয়ে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুবসমাজ আমাদের সম্পদ। বাংলাদেশের কর্মদক্ষ যুবসমাজ প্রশিক্ষণ পেলে তারা জাপানের অর্থনীতিতে যেমন ভূমিকা রাখতে পারবে, আবার সেখান থেকে ফিরে এসে দেশের অর্থনীতিতেও ভূমিকার রাখতে পারবে।”
অনেক ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন বলে জানান প্রেসসচিব।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, অনেক বিষয় আছে যেখানে দুদেশের মধ্যে সহযোগিতা হতে পারে।”
এসময় সমুদ্র থেকে টুনা মাছ আহরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জাপান সহযোগিতা করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সৌজন্য সাক্ষাতের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
