২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু, বাসে আগুন

ঈদের কেনাকাটা করতে গাজীপুর থেকে মায়ের সঙ্গে ঢাকায় এসে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:44 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

বুধবার দুপুরে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে এ ঘটনার পর বাসটিতে আগুন দিয়ে বিক্ষোভ দেখিয়েছে উত্তেজিত জনতা।

ধানমণ্ডি খানার ওসি নূরে আজম মিয়া জানান, নিহত ফাহিম আহমেদ (১২) গাজীপুরের প্রহ্লাদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা জাহাঙ্গীর আলম পলাশ একজন চা বিক্রেতা। দুই ছেলে, স্ত্রীকে নিয়ে জাহাঙ্গীর গাজীপুর শ্রীপুরের ডোমনীতে থাকেন।

ঈদের কেনাকাটা করতে ফাহিম তার মা ঝর্ণা বেগমের সঙ্গে সকালে ধানমণ্ডির পাশে হাজারীবাগে নানা বাড়িতে এসেছিল।

ওই পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাহিমদের বহনকারী বাসটি মডার্ন হাসপাতালের সামনে নষ্ট হলে মা-ছেলে আরেকটি বাসে ওঠার চেষ্টা করছিলেন।

“এ সময় পেছন থেকে ভিআইপি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।”

ধানমণ্ডির ওসি জানান, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিক্ষোভের কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং বাসচালককে আটক করে বলে জানান ওসি।

ঈদের কেনা কাটায় এসে লাশ হয়ে ফেরা

“পোলা আমার আর কোনোদিন ঈদে নতুন জামা কিনতে চাইব না, ঈদের সেমাই খাওনের জন্য আবদার করব না,” ঢাকা মেডিকেলে ডুকরে কাঁদছিলেন ঝর্ণা বেগম।

বিকালে হাসপাতালে ময়নাতদন্তের পর ফাহিমের লাশ নিয়ে গাজীপুরের শ্রীপুরের ডোমনীর উদ্দেশে রওনা হয় পরিবার।

তার আগে মর্গের সামনে যতক্ষণ ছিলেন, ততক্ষণই কাঁদছিলেন ঝর্ণা। বলছিলেন, “ঈদে নানার বাড়িতে মামা, নানার লগে দেখা করতে আবদার করছিল ফাহিম। তাই বড় ছেলেকে বাড়িতে রাইখা ওকে নিয়েই ঢাকায় রওনা দিছিলাম।”

ফাহিমের মামা রুমেল হক বলেন, “ভাগিনারে ঈদে নতুন জামা কিনা দিতে পারলাম না। ওরা বাড়িতে আইবো শুইনা মনটা সকাল থিকা ভালো ছিল। দুপুরে শুনলাম আমার ভাগিনা আর নাই। কোনোদিন আর নতুন জামা গায় দিয়া ফাহিম ঈদে সালামির টাকা চাইতে আইব না।”

ধানমণ্ডি খানার ওসি নূরে আজম মিয়া জানান, এই দুর্ঘটনার জন্য ভিআইপি পরিবহন এবং ট্রান্সসিলভা পরিবহনের দুই চালককে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে কোন বাসের ধাক্কায় শিশুটি মারা গেল।

নিহতের পরিবার কারও বিরুদ্ধে মামলা করবে না বলে জানালেও পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে বলে জানান তিনি।