প্রকল্প বন্ধে ব্যর্থতা মানছে না ইসি
এসইএমবি প্রকল্প থেকে ইউএনডিপির সরে যাওয়া নির্বাচন কমিশনের প্রতি বিদেশিদের অনাস্থার প্রমাণ বলে বিএনপি দাবি করলেও তা নাকচ করেছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, “প্রকল্পটির মাধ্যমে ইতোমধ্যে আমাদের কাজগুলো বাস্তবায়িত হয়েছে। সেই সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে অর্থায়নও নেই দাতাদের।
“সেজন্য প্রকল্পটি বন্ধের জন্য তাদেরও বলে দিয়েছি। এর মধ্যে ইসির কোনো ব্যর্থতা আছে বলে মনে করি না।”
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ (এসইএমবি) প্রকল্পটিতে ইউএনডিপি, ইইউ, ইউকেআইডি ও ইউএসআইডি অর্থায়ন করে আসছিল।
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের অসন্তোষের মধ্যে দাতারা তহবিল জোগানো বন্ধ করে দিলে প্রকল্পের আট মাস বাকি থাকতে ইউএনডিপিও সম্প্রতি নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
২০১৬ সালের মার্চ পর্যন্ত মেয়াদের এই প্রকল্পের মোট ব্যয় মোট ১৪১ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয় ৪ কোটি ৭৮ লাখ টাকা।
ইসির পক্ষ থেকে সরকারকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “প্রকল্পে উন্নয়ন সহযোগী ইউকেএআইডি ও ইউএসএআইডি প্রকল্পটিতে ভবিষ্যতে নতুন করে অর্থায়নে আগ্রহী নয়। তবে তাদের প্রতিশ্রুত অর্থ ইতোমধ্যে প্রকল্পে বাস্তবায়িত হয়েছে।”
