হিযবুত সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক আবদুল মতিন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী। থাকতেন সলিমুল্লাহ মুসলিম হলে।
রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক শিক্ষকের কক্ষ থেকে হিযবুতের সাংগঠনিক কর্মকাণ্ডের সিডি, লিফলেট ও জিহাদী বইয়ের ফটোকপিসহ তাকে আটক করা হয় বলে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম প্রচারের জন্য ওই শিক্ষকের কক্ষে গিয়েছিলেন মতিন।
“বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটকের পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে।”
নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকায় মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান প্রক্টর আমজাদ আলী।
