গাইবান্ধায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার মাঠেরহাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম (৩০) সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামের ছয়েস উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের ডাকবাংলা এলাকার অটোরিকশা স্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী রফিকুলের অটোরিকশা ভাড়া করে মাঠেরহাট এলাকায় নিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
“পরে রাত দেড়টার দিকে ওই এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।”
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
